বন্যা ও তার পরবর্তী প্রতিকূল পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের সব জেলায় অনিদির্ষ্ট কালের জন্য স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার বিষয়ে ভাবছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।
এ বিষয়ে পরামর্শের জন্য সোমবার (২০ জুলাই) বোর্ড কর্মকর্তারা জেলা প্রশাসক বা ডিসিদের সঙ্গে সভায় বসতে যাচ্ছেন বলে রোববার এক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্যমতে, আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘চট্টগ্রামে বোর্ডের পরীক্ষার বিষয়ে আলোচনা ও পরামর্শ করতে সভা ডাকা হয়েছে। সভায় ডিসিদের কাছে পরিস্থিতি জেনে তা মন্ত্রণালয়কে অবহিত করা হবে। এরপর মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জানানো হবে স্থগিত পরীক্ষার তারিখ।’
পরীক্ষার সম্ভাব্য তারিখ এখনো অস্পষ্ট জানিয়ে তিনি বলেন, ‘পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে বিষয়টি নির্ভর করছে মন্ত্রণালয়ের ওপর। আশা করছি আগামীকাল রাতের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌছানো যাবে।’
উল্লেখ্য, বৈরী আবহাওয়া ও বন্যার কারণে গত ৮ জুলাই থেকে ১৬ পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত ছিল। এ বিভাগের ৫ জেলায় আলিম এবং এইচএসসি ভোকেশনাল, বিএমটি, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও স্থগিত থাকে। পরবর্তীতে দেশজুড়ে প্রতিকূল পরিস্থিতি তৈরি হলে, ফের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় বোর্ড।
প্রসঙ্গত, গত ২ জুলাই শুরু হয় এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা। এতে এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৭০ হাজার নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেন।

