রবিবার, ১৪ জুন ২০২৬ । ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতাল ভবন থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক »

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ চলচ্চিত্রের অভিনয়শিল্পী আসমা ঝিলিকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের অষ্টম তলা থেকে তাকে নিচে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সাইফুল্লাহর বিরুদ্ধে।

শুক্রবার (১২ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে।

তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে ৮তলা থেকে ফেলে হত্যার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

নিহত আসমা ঝিলিক নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন। তিনি রংবাজ সিনেমায় শাকিব খানের সঙ্গেও অভিনয় করেছিলেন।

ঘটনার পর নিহতের বোন রেশমি আক্তার লোপা সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে দাবি করেন, ঘটনার কিছুক্ষণ আগেও তার সঙ্গে ভিডিওকলে স্বাভাবিকভাবে কথা হয়েছিল। তার অভিযোগ, স্বামী সাইফুল্লাহ হাসপাতালের অষ্টম তলা থেকে আসমাকে নিচে ফেলে দেন।

অন্যদিকে, অভিনেত্রীর ভাই মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সাইফুল্লাহ আসমাকে ভবন থেকে নিচে ফেলে দেন বলে পরিবারের অভিযোগ।

ঘটনার বিষয়ে ধানমন্ডি থানার ওসি মো. সাইফুল বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বিষয়টি আরও স্পষ্ট হবে।

তিনি জানান, নিহতের পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্ত সাইফুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। পুলিশ বলছে, তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।

আপনার মন্তব্যটি লিখুন
শেয়ার করুন »

মন্তব্য করুন »